চকবাজারে ভয়াবহ আগুনে ৬৭ জন নারী-পুরুষ ও শিশুর মর্মান্তিক মৃত্যুর পর সরকারের মন্ত্রী থেকে শুরু করে প্রশাসনিক কর্মকর্তারা সিলিন্ডার গ্যাস না রাসায়নিক পদার্থের গুদাম থেকে এর উৎপত্তি, তা নিয়ে তর্কে লিপ্ত হয়েছেন। তাঁদের এই তর্ক শুধু দায়িত্বহীন নয়, নিষ্ঠুরও। যাঁরা চকবাজারের অগ্নিকাণ্ডস্থল পরিদর্শন করেছেন, তাঁরা স্বীকার করবেন কী ভয়ংকর বিপদ সঙ্গে নিয়ে পুরান ঢাকার মানুষগুলো বসবাস করছে।
এই বিপদের কথা আমাদের সদাশয় সরকার, মাননীয় মন্ত্রী-মেয়র ও প্রশাসনিক কর্তাব্যক্তিরা জানেন না, তা নয়। জানেন বলেই যখন কোনো দুর্ঘটনা ঘটে, মানুষ মারা যায়, তখন তাঁরা দীর্ঘদিনের আড়মোড়া ভেঙে জেগে ওঠেন, ঘটনাস্থলে গিয়ে কিংবা নিজের দপ্তরে বসে নানা ধরনের নির্দেশ দেন, সহায়তার আশ্বাসবাণী শোনান, তদন্ত কমিটি করেন, কাউকে ছাড় দেওয়া হবে না বলে হুঁশিয়ারি উচ্চারণ করেন।
তারপরই সবকিছু ভুলে যান। নতুন কোনো দুর্ঘটনা বা মানবিক বিপর্যয় না হওয়া পর্যন্ত তাঁদের ঘুম ভাঙে না। চকবাজারের দুর্ঘটনার পর বর্তমান মন্ত্রী-নেতা ও প্রশাসনিক কর্মকর্তারা যা বলছেন, ৯ বছর আগের নিমতলীর বিপর্যয়ের পরও সেই সময়ের মন্ত্রী-নেতা ও প্রশাসনিক কর্মকর্তারা প্রায় একই কথা বলেছেন। মাঝখানে যে ৯টি বছর, এতগুলো মানুষের জীবনহানি, এত বিপুল সম্পদের ক্ষতি তাঁদের যেন কিছুই নয়।
২০১০ সালের ৩ জুন নিমতলীতে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১২৪ জন মানুষ মারা যাওয়ার পর সরকারি মহলে বেশ তৎপরতা দেখা গিয়েছিল। প্রধানমন্ত্রী স্বজনহারা মেয়েদের নিজের মেয়ে বলে কাছে ডেকে নিয়েছিলেন। স্বরাষ্ট্র মন্ত্রণালয় একটি তদন্ত কমিটি করল। অগ্নিনির্বাপণ দলের উদ্যোগে আরেকটি কমিটি হলো। সিটি করপোরেশন এগিয়ে এল। তারপর কী হলো তা ভুক্তভোগী কিংবা দেশবাসী জানতে পারেনি। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তৎকালীন অতিরিক্ত সচিব ইকবাল খান চৌধুরীর নেতৃত্বে গঠিত কমিটি অগ্নিকাণ্ড রোধে ১৭ দফা সুপারিশ করেছিল, যার ১ নম্বর দফায় পুরান ঢাকাসহ আবাসিক এলাকাগুলো থেকে রাসায়নিক পদার্থের গুদাম, কারখানা ও দোকান সরিয়ে নেওয়ার কথা বলা হয়েছিল। অন্যান্য সুপারিশের মধ্যে ছিল: পুরান ঢাকার বিভিন্ন এলাকায় প্রবেশের সুবিধার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমতি নিয়ে সুনির্দিষ্ট নকশা অনুযায়ী ভবন নির্মাণ, অগ্নিনির্বাপণের ব্যবস্থা রাখা, রাসায়নিক ও অ্যাসিড–জাতীয় দাহ্য পদার্থ বিক্রির দোকান ও বিক্রির সনদ দেওয়ার ক্ষেত্রে সংশ্লিষ্টদের আরও সতর্ক থাকা, প্রয়োজনে এসব দাহ্য পদার্থ বিক্রি ও রক্ষণাবেক্ষণে পৃথক শিল্প এলাকা স্থাপন এবং ঘনবসতিপূর্ণ পুরান ঢাকায় অগ্নিকাণ্ডের বিস্তার রোধে ওয়াসার লাইনে ফায়ার সার্ভিসের জন্য হাইড্রেন্ট পয়েন্ট রাখা, সম্ভাব্য দুর্ঘটনা রোধে প্রতি মাসে একবার করে ট্রান্সফরমারসহ সরেজমিনে পরীক্ষা করা, সব ধরনের দুর্ঘটনা মোকাবিলায় জাতীয় পর্যায়ে সরকারের বিভিন্ন বিভাগের সমন্বয়ে জাতীয় টাস্কফোর্স গঠন, কেমিক্যাল ও কেমিক্যাল–জাতীয় দাহ্য বস্তুর লাইসেন্স আলাদা দপ্তরের পরিবর্তে সব দপ্তরের সঙ্গে সমন্বয়, সময়ের চাহিদা অনুযায়ী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স বিভাগের অবকাঠামো, জনবল, প্রশিক্ষণ ও সাজসরঞ্জাম আধুনিকায়নসহ শক্তিশালী করা, অগ্নিকাণ্ড সম্পর্কে জনগণের মধ্যে সচেতনতা বৃদ্ধি করা, প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক স্তরের পাঠ্যসূচিতে অগ্নিনির্বাপণ, উদ্ধার ও প্রাথমিক চিকিৎসা বিষয়ে অধ্যায় রাখা বাধ্যতামূলক, কমিউনিটি সেন্টারগুলোয় নিজস্ব অগ্নিনির্বাপণ ব্যবস্থার আওতায় আনা এবং বিভিন্ন সামাজিক ও ধর্মীয় অনুষ্ঠানে ডেকোরেটরের উপকরণের সঙ্গে প্রয়োজনীয়সংখ্যক অগ্নিনির্বাপণ যন্ত্র রাখা, জরুরি ভিত্তিতে বৈধ কেমিক্যাল গুদাম বা কারখানাগুলো আবাসিক এলাকা থেকে সরিয়ে নিরাপদ স্থানে স্থানান্তর এবং অবৈধ প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা।


No comments:
Post a Comment